দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চাঞ্চল্যকর কলেজছাত্রী নুপুর মহন্ত অপহরণ ঘটনার ২৫ দিন পর গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা আশুলিয়া থানার কাডগড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। অপহরণের পর বিভিন্ন স্থানে অবস্থান করায় অপহরণকারীকে ধরতে দেরি হয়েছে বলে ভাষ্য পুলিশের। অবশেষে গ্রেফতার করা হয়েছে সেই যুবককে।

উদ্ধার অপহৃতা নুপুর মহন্ত ও গ্রেফতার রুবেল ইসলামকে শনিবার আদালতে সোপর্দ করা হয়।

রুবেল ইসলাম (৩০) ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের চকএনায়েতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। আর অপহৃতা নুপুর মহন্ত উপজেলার বেতদীঘি ইউনিয়নের মাদিলাহাট মাহালীপাড়া গ্রামের অজল মহন্তের মেয়ে।

ফুলবাড়ী থানায় নুপুরের বাবার করা মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের মাদিলাহাট মাহালীপাড়া গ্রামের অজল মহন্তের কলেজপড়ুয়া মেয়ে নুপুর মহন্ত অপহরণের শিকার হন।

এ ব্যাপারে গত ১৯ জানুয়ারি নুপুরের বাবা অজল মহন্ত একই ইউনিয়নের চকএনায়তপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে রুবেল ইসলামসহ পাঁচজনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা করেন।

মামলার পাঁচজন আসামির আদালত থেকে জামিন থাকলেও মামলার প্রধান আসামি রুবেল ইসলাম নুপুর মহন্তকে নিয়ে দেশের বিভিন্ন এলাকায় লুকিয়ে ছিল। এরপর অনেক খোঁজাখোঁজির পর তাকে আটক সহ নুপুর মন্তকে উদ্ধার করা হয়।

মামলার তদারককারি অফিসার এসআই মো: রওশন সরকার বলেন, নুপুর মহন্ত অপহরণ হওয়ার পর থেকেই অপহৃতাকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতারের জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় অভিযান চালানো হয়। শেষ পর্যায়ে গত শুক্রবার (১১ ফেব্রয়ারি) ঢাকার আশুলিয়া থানার কাডগড়া এলাকার এক বাসা থেকে অপহৃতাকে উদ্ধারসহ মামলার প্রধান আসামি রুবেল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। নুপুর মহন্তকে নিয়ে আসামি রুবেল ইসলাম ঘন ঘন অবস্থান পরিবর্তন করার কারণে তাকে গ্রেফতার করতে একটু সময় লেগেছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: রওশন সরকারের নেতৃত্বে এএসআই মাসুদসহ পুলিশ সদস্যরা স্থানীয় র‌্যাব সদস্যদের সহযাগিতায় ঢাকার আশুলিয়া কাডগড়া এলাকা থেকে নুপুর মহন্তকে উদ্ধারসহ অপহরণ মামলার প্রধান আসামি রুবেল ইসলামকে গ্রেফতার করা হয়। শনিবার উদ্ধার হওয়া উপহৃতা নুপুর মহন্ত ও গ্রেফতার রুবেল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।