কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে কর্তব্যরত পুলিশের এসআই মোঃ জাহাঙ্গীর আলমের (৪৫) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে কোনো গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা।

এসআই জাহাঙ্গীর দাউদকান্দি হাইওয়ে থানায় সাত বছর ধরে কাজ করছিলেন। তার বাড়ি শেরপুর জেলায়।

শুক্রবার রাত ১টার দিকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় তার লাশ পাওয়া যায় বলে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোঃ রহমত উল্লাহ জানান।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ জহুরুল হক বলেন, ‘টোলপ্লাজায় যানজট সামলানো এবং নিরাপত্তার দায়িত্বে ছিলেন এসআই জাহাঙ্গীর আলম। রাত ১টার দিকে আমরা খবর পাই, টোলপ্লাজার অদূরে দাউদকান্দি ফায়ার সার্ভিস কার্যালয়ের কাছাকাছি মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।’

তাৎক্ষণিকভাবে জাহাঙ্গীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জহুরুল হক বলেন, লাশের সুরতহাল দেখে ধারণা করছি, রাস্তা পারাপারের সময় কোনো গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। কোন গাড়ি তাকে চাপা দিয়েছে, তা বের করার চেষ্টা চলছে।

শনিবার ময়নাতদন্তের পর কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে এসআই জাহাঙ্গীরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।