নৌকার পক্ষে কাজ করায় নির্বাচনের প্রায় তিন মাস পর ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুজ্জামান টুকু ঠাকুর (৭৫) ও তার স্ত্রী জিনিয়ারা বেগমের (৫৫) ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের সমর্থকদের বিরুদ্ধে। শনিবার সকালে এ হামলায় স্বামী-স্ত্রী দু’জনই গুরুতর আহত হন। নুরুজ্জামান টুকু ঠাকুর অবিভক্ত নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
নুরুজ্জামান টুকু ঠাকুরের ছেলে বাদল ঠাকুর অভিযোগ করে বলেন, চেয়ারম্যান রফিক মোল্যার সমর্থক ৮-১০ জন তার ওপর হামলা চালায়। এ সময় হামলা ঠেকাতে এলে আমার মাকে পিটিয়ে আহত করে তারা। পরে স্থানীরা তাদেরকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করেন।
হামলার কথা অস্বকীর করে ইউপি সদস্য ইরন খন্দাকার বলেন, এ হামলার বিষয় আমি কিছুই জানি না। কারা হামলা করেছে, তাও জানি না। যদুনন্দী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান রফিক মোল্যা বলেন, এ হামলার ঘটনায় আমার সমর্থক ইউপি সদস্য ইরন খন্দকার জড়িত নন। তিনি মারিছ সিকদার হত্যা মামলার আসামি। মারিছের পরিবারের সদস্যরা এ হামলা চালিয়েছে বলে শুনেছি। তবে এ হামলার তীব্র নিন্দা জানাই।
সালথা থানার ওসি আশিকুজ্জামান বলেন, অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।





