চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্য প্রাণী সুরক্ষিত রাখতে বিশেষ সর্তকতা অবলম্বন করছে পার্ক কর্তৃপক্ষ। পার্কের বেষ্টনীগুলোতে ছিটানো হচ্ছে জীবাণুনাশক ওষুধ। এ পার্কে কর্মরত রেঞ্জ কর্মকর্তা মো: মাজাহারুল ইসলাম নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেন।

গত এক সপ্তাহ ধরে পার্কের ভেতরে বিভিন্ন বেষ্টনীতে রাখা বন্য প্রাণীগুলো যাতে জীবাণুমুক্ত থাকে সেজন্য বিশেষ সতর্কতার সাথে এ জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম চালানো হচ্ছে।

পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধায়কের নেতৃত্বে ভেটেরনারি বিভাগের চিকিৎসক ও কর্মচারীরা প্রতিদিন পার্কের বাঘ, সিংহ, জেব্রা, ভালুক, হাতি, জলহস্তিসহ বিভিন্ন প্রাণীর বেষ্টনীগুলোতে খাবারের সরবরাহের পাশাপাশি স্প্রের মাধ্যমে জীবাণুনাশক ওষুধ প্রয়োগ করে যাচ্ছেন।

ভেটেরনারি বিভাগে কর্মরত ডাক্তার জানান, ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রতিষ্ঠালগ্ন থেকে জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়নি। ঢাকায় গাজীপুর সাফারি পার্কে ভাইরাস রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকটি প্রাণীর মৃত্যু হওয়ায় এ বিশেষ সর্তকতা জোরদার করা হয়েছে।

বন্য প্রাণী সুরক্ষণ ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা ডিএফও রফিকুল ইসলামের নির্দশনায় বন্য প্রাণীগুলোকে সুরক্ষিত রাখতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। যাতে বন্য প্রাণীগুলো ভালো থাকে এবং কোনো ধরনের প্রাণহানির ঘটনা না ঘটে সেজন্য এ বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। তা চলমান রাখা হবে বলে তিনি জানান।