কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় প্রকাশ্যে জাহিদুল নামে (৩০) এক ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে কুমারখালী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সহযোগীতায় ঘাতক ওবাইদুর রহমান জুয়েলকে (৩৫) আটক করেছে পুলিশ।
আটককৃত জুয়েল কুমারখালী পৌরসভার পৌরসভার ২ং ওয়ার্ডের রতনের ছেলে বলে জানা গেছে।
নিহত ভ্যানচালক জাহিদুল কুমারখালীর পার্শ্ববতী খোকসা উপজেলার সাতপাঁখিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় নিহত ভ্যানচালক জাহিদুলের সাথে জুয়েলের কথাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে জুয়েলের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে জাহিদুলের গলায় আঘাত করে। এতে চালক সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে প্রকাশ্যে এমন হত্যকাণ্ডের সাথে জড়িত জুয়েল মাদকাসক্ত বলে জানা গেছে। তবে কী নিয়ে কথা কাটাকাটি হয়েছিলো সেটা জানা যায়নি।
এ বিষয়ে নয়া দিগন্তকে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, কথাকাটির জেরে ছুরিকাঘাতে জাহিদুল নামে এক ভ্যানচালককে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে ইতোমধ্যে হত্যাকারীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।









