চকরিয়া উপজেলার মালুমঘাটে সড়ক দুর্ঘটনায় ৬ ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পরিবারকে সান্ত্বনা জানাতে নিহতদের বাড়িতে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে বাড়ি ও নগদ অর্থ প্রদানের আশ্বাস দিয়েছেন।
বুধবার বেলা ১টার দিকে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সমবেদনা জানাতে তাদের বাড়িতে আসেন।
সান্ত্বনা দেয়ার সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ পরিবারকে নগদ আর্থিক সহায়াতাসহ বাড়ি দেয়ার কথা জানান মামুনুর রশীদ। এছাড়া ভূমিহীন ৮টি পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ৮টি নতুন বাড়ি মালুমঘাট হিন্দুপাড়া (নাথপাড়া) এলাকায় শিগগিরই করে দেয়া হবে বলে জানান। এ কাজ বাস্তবায়নের জন্য চকরিয়ার ইউএনও ও এসি-ল্যান্ডকে নির্দেশনা দেন। তা ছাড়া ও নিহতদের পরিবা কে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন।
জেলা প্রশাসক জানান, অতিশীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহতদের পরিবারের জন্য বড় পরিসরে বরাদ্দ এনে দেয়ার ব্যবস্থা নেয়া হবে। তিনি সবসময় নিহতদের পরিবারের খবরাখবর রাখার জন্য চকরিয়ার ইউএনও ও এসি-ল্যান্ডকে নির্দেশনা দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানাদাশ গুপ্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো: তফিকুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত উজ জামান, থানার ওসি মো: ওসমান গনি, সাংবাদিক নেতৃবৃন্দ ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় পিতার শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে পিকআপের চাপায় একসাথে ৫ ভাই ঘটনাস্থলে মারা যান। পরে ১৪ দিন পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রক্তিম শীল (৩৫) নামে অপর এক ভাইও চলে যান না ফেরার দেশে।
অপর আহত বোন হীরা শীল এখনও মালমুঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।





