কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খণ্ডে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী মাদককারবারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত লিটন বিশ্বাস (৩২) দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, লিটন বিশ্বাসের নেতৃত্বে একদল মাদককারবারী ভারত থেকে মাদক পাচার করছিলেন। এ সময় ১৫১-৬(এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা সীমান্তে মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে লিটন বিশ্বাস নিহত হলে অপর চোরাকারবারীরা বাংলাদেশ সীমানায় পালিয়ে আসে। পরে বিএসএফ লিটন বিশ্বাসের লাশ উদ্ধার করে হোগলবেড়িয়া থানায় সোপর্দ করে।
প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, বিএসএফের গুলিতে লিটন নামে এক মাদককারবারী নিহত হয়েছেন। লাশ ফেরতের বিষয়ে বিজিবি’র কাছে বিএসএফ কোনো পত্র দেয়নি বলে তিনি উল্লেখ করেন।









