বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সুস্পস্ট স্বাধীনতা ঘোষণার দলিল উল্লেখ করে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, এখান থেকেই মানুষ অনুপ্রেরণা নিয়ে এক কাতারে এসে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় রংপুর মহানগরীর বঙ্গবন্ধুর ম্যুরালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে তিনি একথা বলেন। এর আগে তিনি শোভাযাত্রা নিয়ে এসে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, ডিসি, এসপিসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে সেখানে গার্ড অব অনার দেয়া হয়।

শ্রদ্ধা জানানো শেষে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বলেন, এটি একটি ঐতিহাসিক দলিল, যা ইতোমধ্যেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। এই ভাষণে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং পরবর্তী যেসব বিষয় রয়ে গেছে, তা মনে প্রাণে লালন বাস্তবায়ন করে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।

বিভাগীয় কমিশনার বলেন, বঙ্গবন্ধুর ভাষণ এখন ঐতিহ্যের স্মারক। সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত, মজলুমদের জন্য অনুপ্রেরণার নাম। সে কারণে এই ভাষণ এখন ঐতিহাসিক দলিল।

পরে টাউন হলে অনলাইনে প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে যোগ দেন প্রশাসনের লোকজন। বেলা সাড়ে ১১টায় পাবলিক লাইব্রেরী মাঠে ৭ মার্চের ভাষণের ওপর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।