শেরপুরের নালিতাবাড়ীতে নদীতে গোসল করতে নেমে তোফাজ্জল হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে নালিতাবাড়ী উপজেলার সন্নাসীভিটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া তোফাজ্জল হোসেন পার্শ্ববর্তী ঝিনাইগাতি উপজেলার আব্দুস সাত্তারের ছেলে।

সহপাঠী বন্ধুর বড় ভাইয়ের ছেলের খাৎনার দাওয়াতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নামে তোফাজ্জল এবং নদীতে ডুবে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, নিহত তোফাজ্জল হোসেন ঢাকার কড়াইল এলাকায় বাবা-মায়ের সাথে থাকত। তার সহপাঠী নালিতাবাড়ী উপজেলার সন্নাসীভিটা গ্রামের সাজেদুল ইসলাম। সাজেদুলের বড় ভাই আব্দুল মান্নানের ছেলের খাৎনার দাওয়াতে মঙ্গলবার রাতে বেড়াতে আসে তোফাজ্জল। বুধবার ১১টার দিকে বন্ধুর সাথে তার বাড়ির কাছের চেল্লাখালী নদীতে গোসল করতে নামে। এ সময় তারা সাঁতার কেটে নদীর এপাড় থেকে ওপাড়ে যাওয়ার চেষ্টা করছিল। বন্ধু সাজেদুর ওপাড়ে পৌঁছাতে পারলেও তোফাজ্জল নদীর মাঝপথে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি শেষে প্রায় দুই ঘণ্টা পর নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও জামালপুর থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট তার লাশ উদ্ধার করে।

এ সময় খবর পেয়ে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলামসহ অন্যরা ছুটে আসেন।

নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মালেক জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছার কয়েক মিনিটের মধ্যেই তোফাজ্জলের লাশ উদ্ধার করি।