ঝালকাঠি প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু (৬০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন। হেমায়েত উদ্দিন হিমু পাঁচবার ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি শুরু থেকে বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু এমপি এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন শোক প্রকাশ করেছেন। এ ছাড়া ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেযারম্যান আলহাজ সরদার শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি উপজেলা চেযারম্যান আরিফুর রহমান, ঝালকাঠি পৌরসভার মেয়র আলহাজ লিয়াকাত আলি তালুকদারসহ ঝালকাঠি প্রেস ক্লাব, টেলিভিশন সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন। শনিবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে তার লাশ আনা হয়। সেখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে কেন্দ্রীয় ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে তাকে পৌর কবরস্থানে দাফন করা হয়।