শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙা ব্রিজ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। সোমবার ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় দোকানে ঘুমিয়ে থাকা চার ব্যক্তি অগ্নিদগ্ধ হয়। অগ্নিদগ্ধরা হলেন কালাচান (৬৫), আমিনুল (১৪), তামিম (১৬) ও রাকিব (২৫)। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সেলিম মিয়া মোবাইল ফোনে বলেন, ডামুড্যা ও শরীয়তপুর সদরের দু’টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।