চুয়াডাঙ্গা পৌর এলাকায় বাড়িতে অবৈধভাবে সয়াবিন তেল মজুত রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উদ্ধার করা হয়েছে ৬২৮ লিটার সয়াবিন তেল।

বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় ব্যবসায়ী গোলাম রসুলের বাড়িতে এই অভিযান চালানো হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া জানান, দেশে সয়াবিন তেলের কোনো সঙ্কট নেই। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় ব্যবসায়ী গোলাম রসুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় উদ্ধার করা হয় ৬২৮ লিটার সয়াবিন তেল।
গোলাম রসুল চুয়াডাঙ্গা নিচেরবাজারের মেসার্স গোলাম স্টোরের স্বত্বাধিকারী। বর্তমানে তার ছেলে রুবেল হোসেন ওই দোকান পরিচালনা করেন। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করাসহ তাদেরকে সর্তক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম জানান, অবৈধভাবে বাড়িতে সয়াবিন তেল মজুদ রাখার অপরাধে রুবেল হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে মজুদকৃত ৬২৮ লিটার সয়াবিন তেল বিক্রির জন্য তার দোকানে পাঠিয়ে দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন উপ-পরিদর্শক গোপাল চন্দ্রের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম।