দিনাজপুরের বিরামপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনে মেহেজাবিন নামে চার বছরের এক শিশু অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ফার্মেসিতে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৯ মার্চ) দুপুরে পৌরশহরের দোয়েল মোড়ে আনিছুর রহমানের মালিকানাধীন ‘বিরামপুর মেডিসিন কর্ণার’ নামের ফার্মেসিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম।
অসুস্থ শিশু মেহেজাবিন উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামের বদিউজ্জামানের মেয়ে।
শিশুটির বাবা বদিউজ্জামান বলেন, কয়েক দিন থেকে শিশু মেহেজাবিনের গায়ে জ্বর হচ্ছে। কালকে এক চিকিৎসকের কাছে মেয়েকে দেখিয়ে প্রেসক্রিপশন করে নেন তিনি। প্রেসক্রিপশন অনুযায়ী আজ সকালে ‘বিরামপুর মেডিসিন কর্ণার’ থেকে ওষুধ ক্রয় করে শিশুকে খাওয়ানো হয়। এর পর থেকে শিশুটি বমি করতে থাকে। অন্য এক চিকিৎসককে শিশুটিকে দেখালে তিনি মেয়াদোত্তীর্ণ ওষুধ খাওয়ানো হয়েছে বলে জানান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম বলেন, ‘বিরামপুর মেডিসিন কর্ণার’ নামের একটি ফার্মেসির মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে মেহেজাবিন নামের চার বছরের এক শিশু অসুস্থের অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে ওই শিশুটির বাবাকে মেয়াদোত্তীর্ণ vanprox নামে ওষুধ দেয়ার সত্যতা পাওয়া যায়। এছাড়াও ওই ফার্মেসিতে বেশকিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে।
তিনি বলেন, ‘বিরামপুর মেডিসিন কর্ণার’ নামের ফার্মেসিটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো জব্দ করা হয়েছে।





