গাজীপুরে বাসচাপায় পোশাক কারখানার এক শ্রমিক নিহত হওয়ার গুজবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় তারা একটি বাসে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি গাড়ির কাচ ভাংচুর করেছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়ার কলম্বিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে মধ্যাহ্ন বিরতি শেষে কারখানায় ফিরছিল শ্রমিকরা। দুপুর ২টার দিকে মহানগরীর বাসন থানাধীন ভোগড়ার কলম্বিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন স্থানীয় আলিফ ক্যাজুয়াল লিমিটেড নামের পোশাক কারখানার ইলেক্ট্রিশিয়ান মনির হোসেন (২৭)। এ সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা আহত মনিরকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়।
জিএমপি’র বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, দুর্ঘটনায় আহত মনির হোসেন মারা গেছেন এমন গুজব ছড়িয়ে পড়লে ওই কারখানার শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় আশেপাশের আরো কয়েক কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেয়। এক পর্যায়ে তারা ইটপাথর ও লাঠিসোটা নিয়ে বিভিন্ন গাড়ির কাচ ভাংচুর করতে থাকে। বিক্ষুব্ধ শ্রমিকরা সৌখিন পরিবহনের বাসে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয়দিকে শতাধিক যানবাহন আটকা পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভায়। কিন্তু ততক্ষণে বাসের বেশিরভাগ অংশ পুড়ে যায়।
শ্রমিক অসন্তোষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিকেল চারটার দিকে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে মহাসড়কের উপর থেকে সরে গেলে প্রায় পৌণে দুই ঘণ্টা পর মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
জিএমপি’র উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, বাসের ধাক্কায় পোশাক কারখানার এক শ্রমিক নিহত হওয়ার গুজবে শ্রমিকরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় তারা একটি বাসে অগ্নিসংযোগ ও কয়েকটি গাড়ির কাচ ভাংচুর করে। বিকেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহতকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





