পিরোজপুরের মঠবাড়িয়ায় আশিকুর রহমান (২১) নামে এক পল্লীবিদ্যুতের লাইনম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৫টার দিকে পৌরশহরের আরামবাগ মহল্লার একাটি ভাড়া বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আশিকুরের বাড়ি সাতক্ষিরা কলারোয়া থানায়। তিনি মঠবাড়িয়ায় পল্লীবিদ্যুৎ শাখায় লাইনম্যান হিসাবে কর্মরত ছিলেন।
উদ্বারকৃত লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ ।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশিকুর রহমান মঠবাড়িয়া পল্লীবিদ্যুৎ শাখায় লাইনম্যান হিসেবে এক মাস আগে যোগ দিয়েছেন। তিনি শহরের আরামবাগ এলাকার একটি ভাড়া বাসার মেসে থাকতেন। বিকেলে মেসের অন্য সদস্যরা সিলিং ফ্যানের সাথে তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে আশিকুরের লাশ উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আবদুল হালিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর আগে আশিকুর একটা চিরকুট লিখে রেখে গেছেন। তাতে তিনি আত্মহত্যার কারণ হিসাবে প্রেম সংক্রান্তের কথা উল্লেখ করেছেন। ধারণা করা হচ্ছে, প্রেমে ব্যার্থ হয়ে হতাশায় তিনি আত্মহত্যা করেছেন।









