গাজীপর সিটি করপোরেশনের গাছা অঞ্চলের ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সদ্য বহিষ্কৃত মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের (হাজী মনির) বাড়ির ভাড়াটিয়ার কক্ষ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে জিএমপি গাছা থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন।
তিনি বলেন, কাউন্সিলর হাজী মনিরের বাড়িতে মাদকের একটি বড় চালান এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণের গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী বিভিন্নস্থানে পুলিশের অভিযান অব্যাহত আছে। অভিযান শেষে প্রেসব্রিফিং করে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান (হাজী মনির) বলেন, আমার ভাড়াটিয়াদের ঘরে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে।
অভিযানে তিনি পুলিশকে সহযোগিতা করেছেন বলেও দাবি করেন।





