দিনাজপুরের ফুলবাড়ীতে ইট ও আলু বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুজন।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া নামক স্থানের দিনাজপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলেই ইটভর্তি ট্রাকের চালক সরোয়ার হোসেন (৪৫) ও হেলপার কে এম সাইফুল ইসলাম বাদশা (৪৮) নিহত হন। নিহত সরোয়ার হোসেন বগুড়া জেলার নন্দীগ্রাম এলাকার নবাব আলীর ছেলে ও সাইফুল ইসলাম বাদশা নাটোর জেলার সিংড়া থানার জয়নগর কলম গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। এসময় আলুবোঝাই ট্রাকের চালক নওগাঁ জেলার মহাদেবপুর গ্রামের সাইদুল ইসলাম (৪০) ও হেলপার (পরিচয় পাওয়া যায়নি) আহত হন। তাদেরকে উপজেলা ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আশ্রাফুল ইসলাম বলেন, রাত ৩টার দিকে পাবনা থেকে ইট বোঝাই করা পঞ্চগড়গামী একটি (ঢাকা মেট্রো-ট-১৩-৪৫৬৭) ট্রাক এবং বিপরীত দিক থেকে আলু বোঝাই করা নওগাঁগামী (ঢাকা মেট্রো-ট-১৪-৯৭১৩) ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, ইটভর্তি ট্রাকের চালক ঘুমন্ত চোখে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি হতে পারে। এ ব্যাপারে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।