সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের গোপীনাথপুর জামে মসজিদ মোর থেকে ঘুড়কা গুড নেইবারস পর্যন্ত দুই কিলোমিটার সড়ক পাকা না হওয়ায় রাস্তাটি এখন মহাদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কটির কারণে ইউনিয়নের তিনটি গ্রামের প্রায় তিন হাজার মানুষকে চলাচলে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ।
সড়কটির গোপিনাথপুর জামে মসজিদ মোড় থেকে কিছু অংশে মাটি ভরাট করা হলেও বৃষ্টির পানি জমে থাকায় ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহন চলাচলে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ ছাড়া এ সড়ক দিয়ে দাদপুর পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘুডকা আদর্শ উচ্চবিদ্যালয়, দাদপুর সাহেবগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয়, দাদপুর জিআর ডিগ্রি কলেজ ও দাদপুর জিআর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করে। কিন্তু বর্ষা মৌসুমে সড়কে কাদাপানি জমায় স্কুল-কলেজে যেতে পারে না শিক্ষার্থীরা। গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার উপজেলার বিভিন্ন এলাকায় বড় বড় রাস্তা ছাড়াও অনেক ছোটখাটো রাস্তা পাকা করলেও এমন একটি গুরুত্বপূর্ণ সড়ক কেনো পাকা করছে না তা বোধগম্য নয়। বেশ কয়েকবার মাপজোক করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।
সংশ্লিষ্ট ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার নুরুল ইসলাম জানান, স্বাধীনতার পর থেকে দাদপুরের এই সড়কটির এমন অবস্থা দেখে দেখছি। সড়কটি পাকা করার জন্য আবেদন করেছেন আনেক বার কিন্তু কোনো কাজই হয়নি।
নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার সিদ্দীক জানান, রাস্তাটি দ্রুত যাতে পাকাকরণ করা হয় সেজন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন।
রায়গঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার জানান, বর্তমানে তাদের কাছে কোনো প্রকল্প নেই। নতুন প্রকল্প আসলে সড়কটি পাকাকরণ করা হবে।
রায়গঞ্জে ৫০ বছর ধরে কাঁচা সড়কে দুর্ভোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের গোপীনাথপুর জামে মসজিদ মোর থেকে ঘুড়কা গুড নেইবারস পর্যন্ত দুই কিলোমিটার সড়ক পাকা না হওয়ায় রাস্তাটি এখন মহাদুর্ভোগের কারণ হয়ে...





