ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাফি ভূইয়া (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করছে বখাটেরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক সরকারি বিদ্যালয়ের খেলার মাঠ এ ঘটনা ঘটে। নিহত রাফি ভূইয়া ওই এলাকার নিয়ামুল ভূইয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, বখাটে প্রদীপ (২০), রাফি (২১) ও শিমুল (২০) স্থানীয় একটি মেয়েকে উত্ত্যক্ত করত। সোমবার সন্ধ্যায় রাফি ভূইয়া তাদের মেয়েটিকে উত্ত্যক্ত করতে বারণ করলে তারা ক্ষেপে যায়। এ নিয়ে তার সাথে বখাটেদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে প্রদীপ। পরে তাকে মুমূর্ষু অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাফি নবীনগর উপজেলার ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ থেকে এইচএসসি পাস করেছে। সে পুলিশ কনস্টেবল হিসেবে নিয়োগের জন্য শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। মঙ্গলবার তার লিখিত পরীক্ষা ছিল।