ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত কাঠালিয়ার শাহজাহান মাস্টার হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। মঙ্গলবার বিকেলে এ আদালতের বিচারক মো: মাসুদুর রহমান আসামি আ: লতিফ হাওলাদার (৬২) ও আ: ছালাম জমাদ্দারের (৫২) উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
এ সময় অপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত সরওয়ার হোসেন (৪২) আদালতে অনুপস্থিত ছিল।
সাজাপ্রাপ্ত আসামি আ: লতিফ দক্ষিণ চেচরি গ্রামের মৃত আ: মজিদ হাওলাদারের ছেলে, আ: সালাম একই গ্রামের জয়নাল জমাদ্দারের ছেলে ও পলাতক সরওয়ার হোসেন একই গ্রামের জয়নাল মাস্টারে ছেলে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৭ মার্চ দিবাগত রাত পৌনে ১০টায় শাহজাহান মাস্টার জোড়া পোল বাজার থেকে বাড়ি আসার পথে আসামিরা তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। শাহজাহান মাস্টারের সাথে আসামিদের পূর্ব-শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।
এ ঘটনায় নিহতের ভাই মানিক হাওলাদার কাঠালিয়া থানায় ১৮ মার্চ ২০০৭ সালে মামলা দায়ের করেন।
কাঠালিয়া থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা মো: আবুল হোসেন ও মো: শহিদুল ইসলাম ২০০৭ সালের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন। সরকারের পক্ষে অতিরিক্ত পিপি মোস্তাফিজুর রহমান মনু ও আসামি পক্ষে মল্লিক নাসির উদ্দিন কবির মামলা পরিচালনা করেন।





