দিনাজপুরের বিরামপুরে নিজ বাড়ি থেকে মোশাররফ হোসেন ঝন্টু (৬৫) নামে এক পরিবহণ শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা কয়েকদিন আগে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্টক) তিনি মারা
গেছেন।
বুধবার দুপুরে পৌর শহরের হাজী মার্কেটের পেছনে বসুন্ধরা মহল্লার নিজ বাড়ি থেকে ওই পরিবহণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। মোশারফ হোসেন ঝন্টু পৌরশহরের পূর্ব জগন্নাথপুর এলাকার আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানায়, মোশারফ হোসেন (ঝন্টু) রাহবার এন্টারপ্রাইজ নামের একটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী, ছেলে-মেয়ে কেউই বাড়িতে থাকেন না। সে একাই বাড়িতে থাকতেন। সকালে নিহতের বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোশাররফের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।





