স্থানীয় শ্রমিকলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়ায় গতকাল শুক্রবার বিকেলে ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশাল আনন্দ মিছিল বের করে গাজীপুর মহানগরের গাছা থানা শ্রমিকলীগ। বিকেল সাড়ে ৫টা থেকে সোয়া ৬টা পর্যন্ত প্রায় পৌনে এক ঘণ্টাব্যাপী এ মিছিল চলাকালে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হন।
গাছা থানা শ্রমিকলীগের নবগঠিত কমিটির উদ্যোগে মিছিলটি মহাসড়কের স্থানীয় ভুষিরমিল এলাকা থেকে শুরু হয়ে বোর্ডবাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে সাইনবোর্ড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। গাছা থানা শ্রমিকলীগের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, গাছা থানা শ্রমিকলীগের সহসভাপতি শহীদ মন্ডল, মহানগর শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, শ্রমিকলীগ নেতা রাকিব মন্ডল প্রমুখ।
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বিআরটি প্রকল্পের কারণে এমনিতেই যানজট লেগেই থাকে।
এর ওপর শুক্রবার স্থানীয় শ্রমিকলীগ বিশাল আনন্দ মিছিল বের করায় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারের যানজটের সৃষ্টি হয়। এতে গণপরিবহন যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।





