মায়ের চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজের তিন দিন পর লাশ হয়ে বাড়ি ফিরেছেন মফিজ শেখ (৫৫) নামে এক ব্যক্তি। শনিবার দুপুরে যশোরের একটি বেসরকারি হাসপাতালের আন্ডারগ্রাউন্ড ফ্লোরে তার লাশ মিলেছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন। মফিজ শেখ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মকবুল হোসেনের ছেলে।
জানা গেছে, গত ২৬ মার্চ মফিজ শেখ তার মা চান্দু বিবির অপারেশন করানোর জন্য যশোর শহরের রেল রোড এলাকার যশোর পঙ্গু হাসপাতালে অর্থপেডিক সার্জন ডা: এ এইচ এম এম আবদুর রউফের তত্ত্বাবধানে ভর্তি করেন। গত বৃহ¯পতিবার হাসপাতালের কাউন্টারে টাকা জমা দিতে এসে আর মায়ের কেবিনে ফিরে যাননি মফিজ। শনিবার দুপুরে পঙ্গু হাসপাতালের আন্ডারগ্রাউন্ড ফ্লোরে মফিজ শেখের লাশ খুঁজে পায় পুলিশ।
নিহত মফিজ শেখের স্ত্রী তরু বেগম জানান, পরিকল্পিতভাবে তার স্বামীকে কুপিয়ে ও হাত পা ভেঙে কে বা কারা হত্যা করেছে। তিনি এ হত্যার বিচার দাবী করেন। মফিজ শেখের ভাই খোকন ঘাতক চক্রকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান। বিষয়টি নিয়ে যশোর পঙ্গু হাসপাতালের রিসিপশন থেকে শারমিন নামে এক তরুণী জানান, পুলিশ তাদের হাসপাতালের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। তাই বক্তব্য দেয়ার মতো কেউ নেই।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে যশোর পঙ্গু হাসপাতালে ছুটে যান কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি করেন তিনি। এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডলে থানার ওসি তাজুল ইসলাম জানান, হত্যার মোটিভ ও ক্লু উদ্ধারের জন্য তদন্ত শুরু হয়েছে। পুলিশ ক্লিনিকটির ম্যানেজারসহ স্টাফদের জিজ্ঞাসাবাদ করছে।
মায়ের চিকিৎসা করাতে গিয়ে লাশ হয়ে ফিরল ছেলে
মায়ের চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজের তিন দিন পর লাশ হয়ে বাড়ি ফিরেছেন মফিজ শেখ (৫৫) নামে এক ব্যক্তি। শনিবার দুপুরে যশোরের একটি বেসরকারি হাসপাতালের আন্ডারগ্রাউন্ড...





