বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সৃষ্ট হত্যা মামলায় জামিন পেয়েও বাড়িতে উঠতে পারছে না কিশোরগঞ্জ সদরের দু’টি অসহায় পরিবার। প্রতিপক্ষের সন্ত্রাসী হামলার মুখে তারা বাড়ি ছেড়ে পালিয়ে থাকছে। এ অবস্থায় তাদের কৃষিজমি পতিত পড়ে আছে, তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারছেন না।
বাড়িতে যেতে না পারায় তাদের পরিবারের স্কুল-কলেজ-মাদরাসা পড়ুয়া চার মেয়ের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। পরিবারের ৮০ বছরের এক বৃদ্ধা বাইরে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েছেন। গত শনিবার সকালে দুই পরিবারের বেশ কয়েকজন সদস্য কিশোরগঞ্জ শহরের কাজী নজরুল ইসলাম সরণির একটি অনলাইন টিভি চ্যানেল কার্যালয়ে এসে আশ্রয় নেন। পরে সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘আমরা খুব কষ্টে আছি। আমাদের নিরাপত্তা নেই। আমরা বাড়ি ফিরতে পারছি না। সামনে রোজা, আমরা বাড়িতে থেকে অন্তত রোজা রাখতে চাই। আপনারা আমাদের সহযোগিতা করুন।’
আতঙ্কিত পরিবার দু’টির বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের রশিদাবাদ গ্রামে। সংবাদ সম্মেলনে পরিবারের কওমি মাদরাসার ছাত্র রাজিব, তার মা নাহার বেগম, চাচা দেলোয়ার হোসেন ও চাচী রাবিয়া খাতুন উপস্থিত ছিলেন।
গত ১ এপ্রিল শুক্রবার এলাকার জনপ্রতিনিধিদের জানিয়ে মামলার জামিনপ্রাপ্ত আসামি রাজিব, তার মা নাহার বেগম ও চাচা দেলোয়ার হোসেন বাড়িঘরের খোঁজখবর নিতে গেলে এমদাদুল হকের ছেলে রাব্বি, আফতাব উদ্দিনের ছেলে দুলাল, আনোয়ারসহ আরো কিছু লোকজন মিলে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। একপর্যায়ে রাজিবের চাচাকে আটকে বেদম প্রহার করা হয়। তার মা নাহার বেগমকে একটি ঘরে নিয়ে বন্দী করে রাখে।
এ ব্যাপারে শনিবার কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।