টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দী গ্রামে বুধবার ভোররাতে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। নিহত গৃহবধূ সুমাইয়া (২১) গোপালপুর উপজেলার বড়শিলা গ্রামের ইউসুফ আলীর মেয়ে। ঘাতক স্বামী রুবেল (২৮) ঘাটাইল উপজেলার গৌরিশ্বর গ্রামের শুকুর আলীর ছেলে। তাদের দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ।
উপজেলার পৌর শহরের ঘাটান্দী গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন রুবেল ও সুমাইয়া। বাসার মালিক তারা মিয়া জানান, সাতদিন আগে তারা এ বাসায় ওঠেন। বাসায় ওঠার পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত।
ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।





