আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের অগ্রগতি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শিবনগর নো-ম্যানস ল্যান্ডে রেলপথের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি হতাশা ব্যক্ত করেন।
কাজের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে রেলমন্ত্রী বলেন, নির্ধারিত সময় বছরের জুনের মধ্যে বাংলাদেশ অংশে প্রকল্পের কাজ শেষ করার কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে এ সময়ের মধ্যে সেটা হবে না।
ঠিকাদার বলেছেন, জুনের মধ্যে রেললাইন বসানোর কাজটা শেষ করবেন। স্টেশন নির্মাণ, সিগনালিংসহ অন্য কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারলেও আমরা খুশি। তবে সেটাও না করলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, এ কাজ বাস্তবায়নের জন্য আমরাও চাপে আছি। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার প্রকল্পটি পরিদর্শন করেছি। আশা করছি শিগগিরই প্রকল্পটি বাস্তবায়ন হবে।
এ সময় উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের পরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক কামরুল আহসান, মন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো: শাহগীর আলম, পুলিশ সুপার মো: আনিসুর রহমান, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল কাশেম ভূঁইয়া, ইউএনও রুমানা আক্তার প্রমুখ। মন্ত্রী আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথের নির্মাণকাজও পরিদর্শন করেন।





