সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে স্লুইস গেট এলাকায় সেতুর কোলঘেঁষে গড়ে উঠেছে ময়লা আবর্জনার বিশাল স্তূপ। ময়লার ভাগাড় থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে করে বেশি দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী ও পথচারীরা।
রোববার সরেজমিন দেখা গেছে, স্কুলের পশ্চিম পাশ ঘেঁষে ময়লা-আবর্জনার বিশাল ভাগাড়। দিন যত যাচ্ছে রাস্তার পাশে ময়লা আবর্জনার ভাগাড় ততই বড় হচ্ছে। সলঙ্গা হাটের কাঁচা বাজারের নষ্ট হওয়া শাকসবজি, হোটেলের বাসি-পচা খাবার, মুরগির নাড়িভুঁড়ি এবং বাসাবাড়ির ময়লা-আবর্জনা ও গরুর ভুঁড়িসহ সব ধরনের আবর্জনা ফেলা হচ্ছে। ফলে এগুলো পচে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। উৎকট গন্ধে ওই রাস্তায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। এতে ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য। এরপরও স্কুলের পাশে প্রতিদিন ময়লা ফেলায় শিক্ষার্থীদের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় কোরবান আলী বলেন, আমরা নিষেধ করা সত্ত্বেও ওই রাস্তার পাশে দিনের বেলায় আবর্জনা না ফেলে রাতের অন্ধকারে ফেলে যায়। এতে ময়লা আবর্জনার দুর্গন্ধে নিঃশ্বাস নিতে পারি না।
সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জাকারিয়া মাহমুদ বলে, দুর্গন্ধে রাস্তা পার হওয়া খুবই কষ্টের, আবার ক্লাসেও বসে থাকা দুঃসহ ব্যাপার। মোট কথা আমরা স্কুলে যতক্ষণ থাকি ততক্ষণ আমাদের দুর্গন্ধের মধ্যে কাটাতে হয়। সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চবিদ্যালযয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ময়লার দুর্গন্ধে আমাদের ছাত্রছাত্রীদের ক্লাস করতে ও রাস্তায় চলাচল করতে খুব সমস্যা হয়।
সলঙ্গা হাট ইজারাদার ইকবাল মণ্ডল বলেন, ময়লা আবর্জনা অপসারণের জন্য আমরা দ্রুত ব্যবস্থা নেবো।
উপজেলার ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, সুন্দর পরিবেশ নিশ্চিত করতে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। স্কুলের রাস্তার পাশে ময়লা আবর্জনা না ফেলে এ জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে।