মাগুরায় ফাতেমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে ওই লাশ উদ্ধার করা হয়।
ফাতেমা খাতুন শহরের টিবি ক্লিনিক পাড়ার ওহিদুজ্জামানের দ্বিতীয় স্ত্রী ছিল।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, মঙ্গলবার বিকেলে মাগুরা শহরের টিবি ক্লিনিক পাড়ার ওহিদুজ্জামান অনুর দ্বিতীয় স্ত্রীকে তার নিজ ঘরে কে বা কারা গলা কেটে হত্যা করেছে বলে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আলামত সংগ্রহের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে সংবাদ দেয়। ঝিনাইদহ থেকে সিআইডির ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকল আলামত সংগ্রহ করে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ওহিদুজ্জামান ও প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মো: জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপ.) মো: কলিমুল্লাহ, ডিআই-১ সৈয়দ বাবুল আক্তার জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের সকল ইউনিট কাজ করছে।





