পাবনার সাঁথিয়ায় কিস্তির চাপ সইতে না পেরে স্বামীর সাথে অভিমান করে ইতি খাতুন (২৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

ইতি ওই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে ও কাঠ মিস্ত্রি আজিজুল হকের স্ত্রী। তার ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে হাসানপুর গ্রামের ইকবালের মেয়ে ইতি খাতুনের বিয়ে হয় একই গ্রামের কাঠ মিস্ত্রি আজিজুল হকের সাথে। বিয়ের কিছু দিন পর থেকে তার পরিবারে অভাব-অনটন দেখা দেয়। একপর্যায়ে এনজিও ব্যুরো বাংলাদেশ নামে এনজিও বনগ্রাম শাখা থেকে প্রায় ৪০ হাজার টাকা তিনি ঋণ তুলে দেন স্বামীকে। কিন্তু কিস্তি দেয়ার দিন এলেই স্বামীর সাথে ইতির ঝগড়া লেগে যায়। মাঝে মাঝেই কিস্তির টাকা নিয়ে সমস্যা হলে তার বাবা, ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে এসে কিস্তি দিতেন ইতি।

ঘটনার দিন মঙ্গলবার সকাল ১১টার দিকে এনজিও ব্যুরো বাংলাদেশ বনগ্রাম শাখা থেকে কিস্তি নিতে আসে ইতির বাড়িতে। এ সময় কিস্তির টাকা নিয়ে স্বামীর সাথে ঝগড়া হয়। এরপর তিনি টাকার জন্য পাশেই অন্য পাড়াতে তার বাবা-মার বাড়ি যান। সেখানে কারো কাছে টাকা চাইতে সাহস না পেয়ে ফিরে এসে নিজ ঘরের শয়নকক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

ইতির ভাই হাবিল জানান, আমরা দুই ভাই-বোন জমজ। ও আমার ছোট। তিন ভাইয়ের একটি মাত্র বোন। আমার দোকান আছে চিনাখড়া বাজারে। ওই দিন সকালে নাকি আমাদের বাড়িতে আসছিল ইতি। কিন্তু কাউকে কিছু না বলে চলে গেছে। ও টাকা চাইলেই পারতো। আমাকে বললেও পারতো। ওকে তো আমরা চাইলে টাকা দেই সাধ্যমতো। কিন্তু আজ কেন যে বলল না এই বলে কান্নায় ভেঙে পড়েন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়। বুধবার সকালে ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় ইতির ভাই হাবিব সাঁথিয়া থানায় একটি ইউডি মামলা করেন।