দিনাজপুর জেলার বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের আজিজুলের লিচু বাগানের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মহাসড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে আছে এমন তথ্য দিয়ে ৯৯৯ ফোন করেন স্থানীয় পথচারী। খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে ওই ব্যক্তির রক্তাক্ত লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মাছের গাড়িতে ছিল, কারণ লাশের পাশে বেশকিছু মাছের পোনা পড়েছিল।
তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





