সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গায় মসজিদের ইমামের টাকা তোলা নিয়ে প্রতিপক্ষের হামলায় খোরশেদ আলম (৫৫) নামে একজন নিহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। এ ঘটনায় সলঙ্গা থানা পুলিশ চক মনোহরপুর গ্রামের ইউসুফ আলী (৫৫) ও শিশির (২০) নামে দু’জনকে আটক করেছে।
শনিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে খোরশেদ আলমের মৃত্যু হয়। নিহত খোরশেদ আলম উপজেলার চক মনোহরপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।
সলঙ্গা থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, শুক্রবার জুমার নামাজ শেষে চক মনোহরপুর মধ্যপাড়া জামে মসজিদে ইমামের বেতনের টাকা তোলা নিয়ে মসজিদ কমিটির সভাপতি ইউসুফ আলীর বড় ভাই অবসরপ্রাপ্ত সার্জেন্ট ওয়াজেদ আলী সরকারের সাথে কথাকাটাকাটি হয় খোরশেদ আলমের। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে মসজিদের বাইরে এসে ইউসুফ আলী ও তার লোকজন খোরশেদ আলমের ওপর হামলা ও মারধর চালায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শনিবার সকালে অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত ব্যক্তির স্ত্রী মঞ্জুয়ারা খাতুন বাদি হয়ে ১১ জনকে আসামি করে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।