ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মো: আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ও সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী নির্বাচিত হয়েছেন।

উপজেলার নয়টি ইউনিয়নের মোট ছয় শ’ ৩৯ জন ভোটার উক্ত নির্বাচনে প্রত্যক্ষ ভোট দেয়ার কথা থাকলেও সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিন পদে অনুষ্ঠিত নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছেন।

সরাইল উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লার সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাক মিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাঈদ।

সম্মেলনে উপজেলার ৯টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, সহকারি নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট আব্দুর রহিম গোলাপ ও অ্যাডভোকেট মো: আলাউদ্দিন নির্বাচনে দায়িত্ব পালন করেন।