উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত দেখতে এক দিনের সফরে আজ বুধবার সকালে সাতক্ষীরার শ্যামনগরে আসছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। রাজকুমারীর ভ্রমণ সফল করতে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি প্রায় শেষ করেছে স্থানীয় প্রশাসন। তার ভ্রমণকে নির্বিঘœ করতে নিñিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় অঞ্চলে।
সাতক্ষীরা জেলা তথ্য অফিস থেকে দেয়া সফরসূচি অনুযায়ী, রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন সকাল সাড়ে ৯টায় শ্যামনগরের টাইগার পয়েন্টে হেলিকপ্টার থেকে নামবেন। এরপর গাড়িতে চড়ে শ্যামনগরের কুলতী গ্রামে যাবেন। পরে ১৫ থেকে ২০ মিনিট ওই জনপদে হাঁটবেন এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাস এলাকা ঘুরে দেখবেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাস এলাকায় অবস্থিত সাইক্লোন শেল্টার ও বেড়িবাঁধও পরিদর্শন করবেন রাজকুমারী। এ সময় তিনি বাঁধের পাশে বসবাসকারী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলবেন। দুপুরে তিনি স্থানীয় বরসা রিসোর্টে মধ্যাহ্নভোজ করবেন। এ ছাড়া তিনি সুন্দরবন ভ্রমণ করবেন এবং বন বিভাগের লোকজনের সাথেও কথা বলবেন।
এ দিকে রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসনের উপকূলীয় অঞ্চল ভ্রমণকে কেন্দ্র করে সাধারণ মানুষের জন্য ২৬ ও ২৭ এপ্রিল সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। এ জন্য সবধরনের পাস বন্ধ রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
এ বিষয়ে সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, রাজকুমারীর সুন্দরবন ভ্রমণকে নির্বিঘœ করতে দু’দিন সাধারণ পর্যটকদের সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ দিকে রাজকুমারীর আগমনকে ঘিরে শ্যামনগরে সাজসাজ রব পড়ে গেছে। নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেয়া হয়েছে পুরো এলাকা। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, নিরাপত্তার বিষয়টি দেখভাল করছে এসএসএফ। জেলা ও থানা পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। শ্যামনগর উপকূলীয় এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।





