ঝিনাইদহের কালীগঞ্জে ছোট ভাই হাফিজুরের ছুরিকাঘাতে বড় ভাই ফজলুর রহমান খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা বারবাজারে ছোট ভাই হাফিজুরের ওষধের দোকানে এ ঘটনা ঘটে। তাদের বাড়ি উপজেলার পিরেজপুর গ্রামে। জমি-জাতি ভাগবাটোয়ারা নিয়েই এ খুনের ঘটনা ঘটে বলে থানা পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন।
কালীগঞ্জ থানার ওসি মো: আব্দুর রহিম মোল্লা জানান, বারবাজারে ওদের নিজস্ব মার্কেট ও দোকান আছে। এই দোকান ভাগাভাগি ও বাড়ির অন্য জমিজমা নিয়ে ভাইয়ে-ভাইয়ে দ্বন্দ্ব। মঙ্গলবার বেলা দেড়টার সময় ছোট ভাই হোমিও ডাক্তার হাফিজুরের দোকানে বসে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই হাফিজুরের কাছে থাকা ছুরি দিয়ে তিনি বড় ভাই ফজলুর রহমানের বুকের বাম পাশে আঘাত করেন। মারাত্মক আহত ফজলুর রহমানকে স্থানীরা উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত হোমিও ডাক্তার হাফিজুর রহমান বর্তমানে পলাতক রয়েছেন।