এমন পুলিশ অফিসার বাংলাদেশের সব থানায় দরকার। শুক্রবার জুমার নামাজের খুতবার আগে মসজিদে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন ফরিদপুরের সালথা থানায় সদ্য যোগদানকৃত ওসি শেখ সাদিক। এ সময় তিনি প্রথমে নিজের পরিচয় দিয়ে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, আমি প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের ট্যাক্সের টাকায় আমার বেতন-রেশন হয়, সুতরাং সব কিছুই আপনাদের। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে এখানে চাকরি করতে এসেছি।
ভিডিওটি সালথা থানার অফিসিয়াল ফেসবুক পেজে পোষ্ট করা হয়। এ পর্যন্ত সালথা থানা, ফরিদপুর পেজ থেকে ভিডিওটি ২৭ হাজার শেয়ার, ১৪ হাজার লাইক-লাভ এবং ১০ লাখ ভিউ হয়েছে। অপর একটি পেজে ভিডিওটি ডাউনলোড করে আপলোড করলে একই ভিডিও ১৩ হাজার শেয়ার ৯ হাজার লাইক-লাভ এবং ৬ লাখ ৫৪ হাজার ভিউ হয়।
‘বাংলাদেশের প্রতিটি থানায় এ রকম ওসি থাকলে পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ভালোবাসা অর্জনসহ সত্যিকার সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব।’ অনেকেই ভিডিও সম্পর্কে এমন মন্তব্য করেছেন।
সালথা থানার ওসি শেখ সাদিক ভিডিওটি ভাইরাল হওয়ার বিষয়ে বলেন, জনগণকে সচেতন করতে পারলে তারা যেমন পুলিশের ভালো কাজগুলো বুঝতে পারবে, তেমনিভাবে জনগণের প্রতি পুলিশের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে তাও সঠিকভাবে পালন করা সম্ভব হয়।





