পিরোজপুরের মঠবাড়িয়ায় যতীশ চন্দ্র হাওলাদার (৪৫) নামে এক দিনমজুর বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ওই দিনমজুর প্রতিবেশী দুই ব্যক্তির কাছে অল্প কিছু জমি রেজিস্ট্রি দিতে গিয়ে প্রতারণার শিকার হয়ে মনোকষ্টে বিষপান করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আত্মহত্যাকারী যতীশ চন্দ্র হাওলাদার উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনীয়া গ্রামের মৃত জীতেন্দ্র নাথ হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর যতীশ চন্দ্র অর্থকষ্টে সম্প্রতি সাড়ে ছয় শতাংশ জমি বিক্রি করেন। একই গ্রামের দিলীপ বিশ্বাস ও গণপতি বিশ্বাস মিলে ওই জমি কিনে মঠবাড়িয়া সাবরেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি করেন। জমির দুই ক্রেতা কারসাজি করে সাড়ে ৬ শতাংশ জমির পরিবর্তে ২২ শতাংশ জমি দলিলে লিখে নেন। এতে জমি বিক্রেতা যতীশ চন্দ্র ভিটেমাটি হারা হন। বাড়ি ফিরে সে এমন প্রতারণার বিষয়টি বুঝতে পেরে হতাশ হয়ে বৃহস্পতিবার রাতে ঘরে রক্ষিত কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের স্বজনরা তাকে প্রথমে স্থানীয় মিরুখালী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান।
মঠবাড়িয়া থানার ওসি মুহাম্মদ নুরুল ইসলাম বাদল জানান, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।