দিনাজপুরের নবাবগঞ্জের তুলসীগঙ্গা ব্রিজের নিচ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জস্থ তুলসীগঙ্গা ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পথচারীরা ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় নিচে লতাপাতা ও কাঠ দিয়ে ঢাকা কিছু একটা দেখতে পান। পরে নিচে গিয়ে লতাপাতা সরিয়ে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতক দেখলে পুলিশকে জানান তারা। খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশের সদস্যরা এসে নবজাতকের লাশ উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, কে বা কারা মৃত অবস্থায় ওই মেয়ে নবজাতককে ব্রিজের নিচে ফেলে রেখে গেছে। আলামত হিসেবে বাচ্চাটিকে মুড়িয়ে রাখা কাপড়, চটের বস্তা ও লতাপাতা সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।