চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় গাছের ডাল পড়ে রাহুল আহমেদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহুল আহমেদ ওই এলাকার রবিউল ইসলামের ছেলে ও জামজামি সরকার প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম বলেন, জামজামি ক্যানেলের দুই খালের মাঝে সরকারিভাবে গাছ কাটা হচ্ছে। সকালে শিশু রাহুল সেখানে গাছ কাটা দেখতে যায়। এ সময় গাছের একটি ডাল ভেঙ্গে তার মাথার ওপর পড়লে গুরুতর আহত অবস্থায় স্থানীয় তাকে উপজেলার ফাতেমা ক্লিনিলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।