বরগুনা পৌরসভার চরকলোনী এলাকায় বাবাকে মারধরের অভিযোগে বাবার করা মামলায় ছেলে তানভির আহমেদ লিমনকে কারাগারে পাঠিয়েছে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। রোববার দুপুরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এ বিচারক।

স্থানীয় সূত্রে জানা যায়, ছেলের নামে দোকান লিখে না দেয়া ও পারিবারিক কলহের জের ধরে মো: শাহাবুদ্দিনকে মেরে গুরুতর আহত করার অভিযোগ উঠে ছেলের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ছেলে তানভির আহমেদ লিমনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শাহাবুদ্দিন হাওলাদার বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী এলাকার মৃত আবদুল গনী হাওলাদারের ছেলে। দীর্ঘ দিন যাবৎ কৃষি ব্যাংক বরগুনা শাখায় দায়িত্ব পালন করে আসছেন তিনি।

বাদি পক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, প্রথম স্ত্রীর ঘরের ছেলে তানভির আহমেদ লিমন। দ্বিতীয় স্ত্রীর ঘরের মেয়ে সন্তান নিয়ে শাহাবুদ্দিন সংসার করা ও ছেলে লিমনের নামে দোকান লিখে না দেয়ায় বাবাকে মারধর করেন ছেলে। কিছু দিন আগে বরগুনা সদর থানায় এমন অভিযোগে একটি মামলা করেন শাহাবুদ্দিন।

মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ আদালত আসামি লিমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।