পরিবারের সাথে বেড়াতে গিয়ে গোসলে নেমে বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে নিখোঁজ স্কুলছাত্র মুগ আলী ছোটর (১৩) লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ৪২ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চরবাটিয়া ডুবোচর থেকে তার লাশটি উদ্ধার করে।

মুগ আলী ছোট বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এসব তথ্য নিশ্চিত করেছেন সারিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিসের লিডার ময়েজ উদ্দিন।

তিনি জানান, মুগ আলী পরিবারের অন্য সদস্যদের সাথে বেড়াতে এসে গোসলে নেমে বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে নিখোঁজ হয়েছিল। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কালিতলা ঘাটের অপরপাশের বাটির চরে দুর্ঘটনাটি ঘটেছিল।

ময়েজ উদ্দিন আরো জানান, ওইদিন বিকেলে মোহাম্মদ আলী স্ত্রী-ছেলেকে নিয়ে যমুনা নদীতে বেড়াতে এসেছিলেন। এ সময় কালিতলা ঘাট থেকে নৌকায় চড়ে তারা ওপারে বাটির চরে যান। সেখানে যাওয়ার পর অন্যদের সাথে নদীতে গোসলে নামে ছোট। এর কিছু পরেই স্রোতের টানে নদীতে তলিয়ে যায় সে। এ সময় বাবা-মায়ের চিৎকারে স্থানীয় লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করেন। পরের দিন রোববার রাজশাহী থেকে একটি ডুবুরি দল এসে প্রায় ৩০ ঘণ্টা অভিযান চালিয়ে মুগের লাশ উদ্ধার করে।