চাঁদপুর সদর উপজেলায় রুপা বেগম (২৮) নামে এক নারীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী নাছির দেওয়ান।

সোমবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুন্সিরহাট এলাকার দনপদ্দি গ্রামের মজিদ প্রধানিয়া বাড়ির দ্বিতল বিল্ডিংয়ের নিচতলা থেকে রুপার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রুপা বেগম একই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার প্রধানিয়া বাড়ির নাছির দেওয়ানের স্ত্রী। তার দুই ছেলে সন্তান রয়েছে। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী নাছির দেওয়ান পলাতক রয়েছেন। রুপা বেগমের বাবার বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামে।

স্থানীয় বাসিন্দারা জানায়, নাছির দেওয়ান স্ত্রী-সন্তান নিয়ে মজিদ প্রধানিয়ার বাড়িতে ভাড়া থাকেন। রোববার রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে কী কারণে এ ঘটনা তা কেউ বলতে পারছে না।

নিহত রুপার ছেলে রবিউল ইসলাম বলেন, আমার আব্বা মাকে রাতের কোনো এক সময় গলা কেটে হত্যা করেছে। সকালে আমি ঘুম থেকে উঠে দেখি দরজা খোলা। ভেতরে প্রবেশ করে দেখি মায়ের গলাকাটা লাশ পড়ে আছে। এরপর আমি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।

রবিউল আরো বলেন, আব্বা মাকে প্রায় সময়েই মারধর করতেন। গত মাসে মা নির্যাতন সইতে না পেরে আগের ভাড়াবাসা থেকে চলে এসে এখানে বাসা ভাড়া নেয়। নতুন বাসা নেয়ার পর খবর পেয়ে গত দু’দিন আগে আব্বা আবার এখানে চলে আসেন।

এদিকে, সংবাদ পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, গোয়েন্দা পুলিশ (ডিবি), পিবিআই ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ প্রসঙ্গে চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ বলেন, আইনি ব্যবস্থাসহ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।