জমি নিয়ে বিরোধের জের ধরে টাঙ্গাইলের নাগরপুরে সৎ ভাইয়ের হামালায় ছোট ভাই খুন হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। সোমবার সকালে উপজেলার মোকনা ইউনিয়নের ডাকাতমারা গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত মো: সুমন মিয়া (২৭) কাজীবাড়ী গ্রামের মোতালেব মিয়ার ছেলে। আহতরা হলেন একই গ্রামে মো: আব্দুর রশিদ (৫৭) ও সুজন মিয়া (২২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোকনা ইউনিয়নের ডাকাতমারা গ্রামের রশিদের সাথে সৎ-ভাই আতোয়ারের দীর্ঘ দিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে রশিদের নাতি মারুফ হোসেন (১৩) স্কুলে যাওয়া জন্য বাড়ি থেকে বের হলে আগে থেকেই রাস্তায় উৎ পেতে ছিলেন আতোয়ার হোসেন (৫০)। রাস্তায় আসা মাত্র আতোয়ার মারুফকে জোর করে তুলে নিয়ে তার ঘরে আটক রাখেন। মারুফের আটকের খবর পেয়ে সিএনজি চালক সুমন ও দাদা রশিদ আতোয়ারের বাড়িতে যান। আতোয়ার ক্ষিপ্ত হয়ে রশিদ, সুমন ও সুজনকে লাঠি দিয়ে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী দু’জনকে উদ্বার করে টাঙ্গাইলের মির্জাপুর হাসপাতালে নেয়ার পথে সুমন মারা যান।

বিষয়টি নিশ্চিত করে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।