পরিবারের সাথে বেড়াতে গিয়ে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজের ৪২ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চরবাটিয়া ডুবোচর থেকে তার লাশ উদ্ধার করে। মৃত মুগ আলী ছোট (১৩) বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের লিডার ময়েজ উদ্দিন জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কালিতলা ঘাটের অপরপাশের বাটির চরে দুর্ঘটনাটি ঘটে। ওই দিন বিকেলে মোহাম্মদ আলী স্ত্রী-ছেলেকে নিয়ে যমুনা নদীতে বেড়াতে এসেছিলেন। এ সময় কালিতলা ঘাট থেকে নৌকায় চড়ে তারা ওপারে বাটির চরে যান। সেখানে যাওয়ার পর অন্যদের সাথে নদীতে গোসলে নামে ছোট। এর কিছু পরেই স্রোতের টানে নদীতে তলিয়ে যায় সে।





