চাঁদপুরে স্ত্রী রূপা বেগমকে গলা কেটে হত্যা করে পালিয়েছে স্বামী নাসির উদ্দিন দেওয়ান। রোববার দিনগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নাছির দেওয়ান পলাতক রয়েছে। এই দম্পতির ছেলে রবিউল বাবার বিরুদ্ধে মাকে গলা কেটে হত্যার অভিযোগ করেছে। সোমবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার মুন্সিরহাট এলাকার দনপদ্দি গ্রামের মজিদ প্রধানিয়ার বাড়ির নিচতলা থেকে রূপা বেগমের (২৮) রাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, রূপা বেগমের বাবার বাড়ি সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামে। রাতে অন্যান্য দিনের মতো স্বামী-স্ত্রী এক কক্ষে এবং পাশের কক্ষে ছেলে রবিউল (১৩) ঘুমিয়ে ছিল। পরে সকালে রূপার গলাকাটা লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। কী কারণে এ ঘটনা ঘটেছে কেউই এ মুহূর্তে বলতে পারছে না।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ বলেন, নিহত রূপা মুন্সিরহাট বাজারে ছিদ্দিক গাজীর হোটেলে কাজ করতেন। এ বিষয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ দিকে সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি), পিবিআই, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।





