সিলেটের গোলাপগঞ্জে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকাদক্ষিণ বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও কয়েক শতাধিক দোকানপাটসহ উপজেলার বিভিন্ন রাস্তাঘাট।

পানিতে তলিয়ে যাওয়ায় বুধবার সকালে সিলেট-ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর ও সিলেট-সুনামপুর-বিয়ানীবাজার সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহনসহ শিক্ষার্থীদের চলাচল করতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন দোনাকপাটে পানি ঢুকে মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। এতে ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

স্থানীয় ও ব্যবসায়ীদের অভিযোগ কাকেশ্বরী নদী দিয়ে পানি নিষ্কাশন হতো কিন্তু কিছু প্রভাবশালী নদীর বিভিন্ন স্থান দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। যার ফলে ঢাকাদক্ষিণ বাজার প্রতি বছর ভারী বর্ষণে পানিতে তলিয়ে যায়।

এদিকে মঙ্গলবার গভীর রাতে উপজেলার উপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যায়। এতে উপজেলার বিভিন্ন স্থানে গাছ ও গাছের ডালপালা বৈদ্যুতিক তারের উপর ভেঙ্গে পড়ে এবং কোথাও কোথাও বৈদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। এতে টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ে।