সাতক্ষীরায় বোতলজাত সয়াবিন তেল মজুদ করে রাখার অভিযোগে দুই ব্যবসায়ীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল বুধবার দুপুরে সাতক্ষীরার সাকার মোড়ের একটি ডিপার্টমেন্টাল স্টোর ও সুলতানপুর বড়বাজারের নূরানী স্টোরে অভিযান চালিয়ে ৭৫০ লিটার সয়াবিন তেল জব্দ করেন কর্মকর্তারা। পরে ওই তেল বোতলের গায়ে লেখা দামে সাধারণের কাছে বিক্রি করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, সাতক্ষীরার উপপরিচালক নাজমুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
জানান, সাতক্ষীরা-মাছখোলা রোডের শারমিন ডিপার্টমেন্টাল স্টোরে ভোজ্যতেল মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিপার্টমেন্টাল স্টোরের ভেতরের কক্ষ থেকে আগের দামের ৩৫ কার্টুন সয়াবিন তেল জব্দ করা হয়। কার্টুনের মধ্যে ২০ কার্টুন পাঁচ লিটারের ৮০ বোতল আর ১৫ কার্টুন এক লিটারের ৮০ বোতল তেল ছিল। আগে কম দামে কেনা তেল বর্তমানে বেশি দামে বিক্রি করে লাভবান হওয়ার অভিপ্রায়ে মজুদ রাখার অভিযোগে স্টোরের মালিক ইয়াসিন আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, পরে বেলা দেড়টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে মেসার্স নুরানী স্টোরে দ্বিতীয় ধাপে অভিযান পরিচালনা করে ২৭০ লিটার তেল জব্দ করা হয়। একই অভিযোগে নুরানী স্টোরের মালিক মুরাদ হাসানকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সমস্ত তেল গায়ের রেট অনুযায়ী ভোক্তাদের কাছে বিক্রি করে মালিকদের কাছে টাকা বুঝিয়ে দেয়া হয়।
সাতক্ষীরায় দুই সয়াবিন ব্যবসায়ীকে জরিমানা
সাতক্ষীরায় বোতলজাত সয়াবিন তেল মজুদ করে রাখার অভিযোগে দুই ব্যবসায়ীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।...





