রাঙামাটি জেলার বরকল উপজেলায় লক্ষ্মী চন্দ্র চাকমা (৫০) নামে সাবেক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

জানা গেছে, বুধবার দিনগত রাতে উপজেলার সুবলং ইউনিয়নের শিলছড়ি (পরিচিতি নাম উখছড়ি) এলাকার সশস্ত্র সন্ত্রাসীরা চন্দ্র চাকমার বাড়িতে গিয়ে তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। নিহত লক্ষ্মী চন্দ্র পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সাবেক কর্মী ছিলেন। বর্তমানে তিনি সবকিছু ছেড়ে পারিবারিক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছিলেন।

তবে লক্ষ্মী চন্দ্র ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপের সাথে এখনো যোগাযোগ রাখছেন এবং তাদের হয়ে তথ্য সরবরাহ করছেন এমন ধারণায় প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হয়েছেন বলে স্থানীয়রা মনে করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন বলেন, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে রওনা করেছে। তারা ফিরলে বিস্তারিত জানানো হবে।