সারা দেশে সরকারি খাদ্যগুদামে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হলেও বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এখনো সংগ্রহ অভিযান শুরু না হওয়ায় জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলা খাদ্য বিভাগ জানিয়েছে, চলতি বোরো মৌসুমে সারিয়াকান্দি উপজেলায় ১ হাজার ৯৭৭ মেট্রিক টন ধান, ১ হাজার ৯৪৫ মেট্রিক টন চল এবং ৫৩০ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও এ পর্যন্ত সংগ্রহ অভিযানের কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান বলেন, ৯৩ জন মিল মালিক চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তি মোতাবেক ১ হাজার ৮০৬ দশমিক ৬৩০ মেট্রিক টন চাল সংগ্রহের কথা রয়েছে এবং রেজিস্ট্রিকৃত চার হাজার ৯৪৪ জন কৃষকের মধ্যে ৫৫৫ জন কৃষক ধান দেয়ার জন্য আবেদন করেছে। বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান বলেন, সারিয়াকান্দিতে মিলারদের সাথে দেরিতে চুক্তি হওয়ায় এবং বৈরী আবহাওয়ার কারণে সংগ্রহ অভিযান শুরু হতে দেরি হচ্ছে।