সাতক্ষীরার শ্যামনগরে একই হৃৎপিণ্ডে সংযুক্ত অবস্থায় জন্ম নেয়া শিশু দুটি মারা গেছে। গত শুক্রবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলার ভ্রুলিয়া ইউনিয়নের দেউলিয়া গ্রামে নিজেদের বাড়িতে তাদের মৃত্যু হয়। এর আগে গত ১৪ মে বিকেলে উপজেলা সদরের এমআর ক্লিনিকে দেউলিয়া গ্রামের ফজের আলীর স্ত্রী তহুরা বেগম সন্তান দুটির জন্ম দেন।
পারিবারিক সূত্র জানায়, ১৪ মে ডা: আনিছুর রহমান ও ডা: ফাতেমা ইদ্রিস ইভা দীর্ঘ এক ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে সংযুক্ত শিশু দুটির জন্ম হয়। জন্মের পর তারা ভালোই ছিল। সে সময় ডা: ফাতেমা ইদ্রিস ইভা জানিয়েছিলেন তাদের হৃৎপিণ্ড একটি। গত শুক্রবার সকালে সন্তান দুটিসহ তহুরা বেগম ক্লিনিক থেকে ছাড়পত্র পান। এরপর তাদের নিজ বাড়িতে নেয়া হয়। শিশু দুটিকে বাড়িতে নেয়ার পর উৎসুক জনতা বিকেলেও তাদের দেখতে আসে। কিন্তু সন্ধ্যার দিকে হঠাৎ তাদের মৃত্যু হয়।
তহুরা বেগমের মামাতো ভাই হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়িতে আনার পরও তারা ভালো ছিল। সন্ধ্যায় হঠাৎ তাদের মৃত্যু হয়। এশার নামাজের পর নামাজে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।