জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গুচ্ছগ্রামে আগুন লেগে ১০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সকাল ৯টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূচনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হক জানান, সকালে গুচ্ছগ্রামে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জয়পুরহাট জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শওকত জোয়ার্দ্দারের নেতৃত্বে পাঁচবিবি ও পাশের হাকিমপুর উপজেলার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই ১০ পরিবারের বাড়ির সব আসবাবপত্র পুড়ে যায়।
বিদ্যুতের শর্ট সার্কিটেই আগুনের সূত্রপাত বলে নিশ্চিত করেছেন জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শওকত জোয়ার্দ্দার।





